১ ফেব্রুয়ারি : নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টা থেকে সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে শুরু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি সংসদে নবমবারের জন্য বাজেট উপস্থাপন করার কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাজেট অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপরই মাঘ পূর্ণিমার পুণ্যতিথি ও গুরু রামদাসের প্রতি সম্মান জানিয়ে বাজেট ভাষণ শুরু করেন নির্মলা। লোকসভায় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরুতেই নির্মলা বলেন, ‘আমরা এখন অনেক কম আমদানি নির্ভর। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। মূল্যবৃদ্ধি রয়েছে নিয়ন্ত্রণে।’ এরপরই তিনি বলেন, ‘সাধারণ মানুষদের প্রত্যাশা পূরণ করতে হবে আমাদের। সকলের জন্য বিকাশ করতে হবে।’
বাজেট ভাষণে আত্মনির্ভর ভারতে জোর নির্মলার। তিনি বলেন, আত্মনির্ভর বারত গড়ার উদ্দেশ্যে আমরা অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছি। শক্তি উৎপাদনে জোর দিয়েছি। পাশাপাশি, আমদানি নির্ভরতা কমিয়েছি। এর ফলে প্রায় ৭ শতাংশ আর্থিক বৃদ্ধির হার ছুঁয়েছি আমরা। MSME সেক্টরের জন্য ১০ হাজার কোটি বরাদ্দ। আত্মনির্ভর ভারত প্রকল্পে ২ হাজার কোটি।
বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন দেশজুড়ে অ্যাকাডেমিক জোন গড়ার। নারীশিক্ষায় বিশেষ জোর দেন।
ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর, ভোটমুখী বাংলার বঞ্চনার ক্ষতে মলম। বারাণসী-শিলিগুড়ি হাইস্পিড রেল করিডর। দেশজুড়ে সাতটি হাইস্পিড রেল করিডর।
মহাত্মা গান্ধীর নামে বস্ত্র প্রকল্পের প্রস্তাব নির্মলার। বস্ত্র প্রকল্পটির নাম, মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প। মনে করা হচ্ছে, ১০০ দিনের কাজের নাম পরিবর্তনে যে বিতর্ক তৈরি হয়েছে তারই জবাব দিয়েছেন নির্মলা।
লোকসভায় অর্থমন্ত্রী জানালেন, ২০২৬-’২৭ আর্থিক বছরের বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪ শতাংশ। নির্মলা সীতারামন ঘোষণা করলেন যে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মূলধনী ব্যয় বাড়িয়ে ১২.২ লক্ষ কোটি টাকা করা হয়েছে।



