বরাক তরঙ্গ, ৭ মার্চ : কংগ্রেসের প্রার্থী ঘোষণা ঘিরে সোনাইয়ে ক্রমেই তীব্র হচ্ছে বিক্ষোভ ও অসন্তোষ। শনিবার সোনাই বাজারে জড়ো হয়ে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী-সমর্থকরা দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এদিন প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, এপিসিসির সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, এবং সাংসদ রকিবুল হোসেনের কুশপুতুল দাহ করা হয়। প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলেন এবং দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

সোনাইয়ে প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যে সোনাইয়ের ৯ জন মণ্ডল সভাপতিও দলত্যাগ করেছেন। পাশাপাশি প্রার্থীত্বের দাবিদার থাকা আরও ৯ জন নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দলীয় নেতৃত্বের কাছে আপত্তি তুলে ধরেছেন। স্থানীয় পুরনো কংগ্রেসিরা কোনওভাবেই নবাগত প্রাক্তন বিধায়ক আমিনুক হক লস্করের মনোনয়ন মেনে নিতে পারছেন না। ফলে সোনাই কংগ্রেসের অন্দরে একের পর এক ক্ষোভ-বিক্ষোভের সৃষ্টি হচ্ছে। তাঁরা বলেন, প্রার্থী বাছাইয়ের আগে তাঁদের মত নেওয়া হয় ঠিকই কিন্তু টিকিট প্রদান তাঁদের মত উপেক্ষা করা হয়েছে।

এদিকে, বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের মানিয়ে নিতে এখনও পর্যন্ত সফল হতে পারেননি আমিনুল হক লস্কর। রাজনৈতিক মহলের মতে, এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে। এদিন প্রতিবাদকারীরা জানান, তাঁরা আমিনুল হক দলীয় মনোনয়ন কোনও অবস্থায় মেনে নেবেন না। এবার সোনাই থেকে দল মুছে ফেলার হুঙ্কার দেন বক্তারা।



