মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : শ্রীভূমি শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। শহরের এক অভিজাত বিবাহ বাসরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা সংগঠনের বিশিষ্ট সদস্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সুব্রত ভট্টাচার্য সকলকে ভোটারদের সচেতন করার আহ্বান জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক ভোটার যেন নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন, সে বিষয়ে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি অধিক সংখ্যক ভোটারকে ভোটদানে উদ্বুদ্ধ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এই সভায় আলোচনায় অংশ নেন পুর কমিশনার নির্মল বণিক এবং বিজেপির শহর মণ্ডল সভানেত্রী তথা পুর কমিশনার ছন্দা রায় সিংসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সুব্রত ভট্টাচার্যকে উত্তরীয় ও সম্মান স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সপ্তসুর সাংস্কৃতিক সংস্থার সুমিতা দাস, নৃত্যশ্রী কলানিকেতনের সোনালী গোস্বামী, গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার অনিন্দিতা নাগ, নূপুর নৃত্যালয়ের পায়েল চক্রবর্তী, বিশ্ববীণা সাংস্কৃতিক কলাকেন্দ্রের সুরজিত দেব, সরগম সাংস্কৃতিক সংস্থার কাকলি দে ভট্টাচার্য, রবীন্দ্রনাথ মিউজিক ইনস্টিটিউটের কুন্তলা চৌধুরী, নৃত্য কলাক্ষেত্রের জয়শ্রী দেব, নটরাজ কালচারাল একাডেমির গ্রন্থা চক্রবর্তী, রংমশালের প্রতিম কুমার দেব, সমন্বয় সঙ্গীত মহাবিদ্যালয়ের শ্রাবণী পাল, নবতরঙ্গ সাংস্কৃতিক সংস্থার মঞ্জু দাস, খুশি স্মৃতি সংস্থার বর্ণিতা সেন, ভূমিকা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সীমা দাস, শ্রীভূমি লোক সঙ্গীত কলাকেন্দ্রের শুভঙ্কর মালাকারসহ আরও অনেকে।



