জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিশেষত নতুন প্রজন্মের ভোটারদের বুথমুখী করতে জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয় এবং সুইপ সেল-এর পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে জেলা আয়ুক্ত কার্যালয়ে একটি দৃষ্টিনন্দন ও তথ্যবহুল ‘সেলফি পয়েন্ট’ স্থাপন করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের “নো ভোটার লেফট বিহাইন্ড” বা কোনো ভোটার যেন ভোটদান থেকে বাদ না পড়েন, এই লক্ষ্যকে সামনে রেখে এই সেলফি পয়েন্টটি তৈরি করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হলো প্রথমবার ভোট দেবেন এমন তরুণ সমাজ এবং সাধারণ নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করা। সেলফি পয়েন্টে নির্বাচনের লোগো এবং “আমার ভোট, আমার অধিকার” সংবলিত বিভিন্ন অনুপ্রেরণামূলক শ্লোগান ব্যবহার করা হয়েছে।
ভোটাররা এখানে ছবি তুলে #AssamVotes2026 এবং #MyVoteMyVoice হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, যা অন্যদেরও ভোটদানে উৎসাহিত করবে। গণতন্ত্রের উৎসবে শামিল হওয়া প্রতিটি নাগরিকের পরম কর্তব্য। এই সেলফি পয়েন্টটি কেবল একটি ছবি তোলার স্থান নয়, এটি প্রতিটি নাগরিকের ভোটাধিকারের গুরুত্বকে স্মরণ করিয়ে দেওয়ার একটি মাধ্যম। এর মাধ্যমে নির্বাচনে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে, জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, কলেজ এবং জনবহুল এলাকাগুলিতেও পর্যায়ক্রমে এই ধরণের সেলফি পয়েন্ট স্থাপন করা হচ্ছে।



