৫ মার্চ : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ইরান ও ইজরায়েল-আমেরিকা সংঘাতের আঁচ এসে পড়েছে কাতারেও (Qatar)। এই আবহে সেদেশে বসবাসকারী লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কবার্তা (India’s Safety Advisory) জারি করল দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy)। নাগরিকদের অকারণে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। এমনকি ব্যালকনি বা জানলার পাশে দাঁড়াতেও বারণ করেছে দূতাবাস।
বৃহস্পতিবার জারি করা নির্দেশিকায় ভারতীয় নাগরিকদের স্থানীয় প্রশাসনের সমস্ত নির্দেশ কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। বিশেষ করে জানলা, ব্যালকনি বা খোলা জায়গা থেকে দূরে থাকুন।’ পরিস্থিতি মোকাবিলায় এবং সাহায্যের জন্য ২৪ ঘণ্টা চালু থাকবে একটি বিশেষ হেল্পলাইন নম্বর। নাগরিকদের গুজবে কান না দিয়ে কেবল সরকারি তথ্যের ওপর ভরসা করতে বলা হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর প্রতিশোধ নিতে মরিয়া ইরান। কাতার সহ একাধিক উপসাগরীয় দেশকে নিশানা করছে তারা। বুধবারও কাতারের আল-উদাইদ ঘাঁটিতে ইরান ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে বলে খবর। যদিও কাতারের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আকাশপথে ধ্বংস করা হয়েছে।
কাতারের আকাশসীমা বন্ধ থাকার কারণে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান চলাচল আপাতত বন্ধ। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, ৬ মার্চ সকাল ৯টার আগে পরবর্তী আপডেট পাওয়া সম্ভব নয়। এর ফলে কাতারে বসবাসকারী কয়েক লক্ষ ভারতীয় ও প্রবাসী শ্রমিক চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ইতিমধ্যেই অনেক ভারতীয়কে উদ্ধার করে দেশে ফেরানো হলেও, আকাশপথ বন্ধ থাকায় বর্তমানে যাতায়াত থমকে রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয়দের ধৈর্য ধরার ও দূতাবাসের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।



