ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সপ্তাহ পালন ধোয়ারবন্দে

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : অসমের সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের বিনামূল্যে ১২৫ ইউনিট বিদ্যুৎ প্রদান, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারিকরণ না করা, এপিডিসিএল এর গত বছর লাভ করা ৪০০ কোটি টাকার আনুপাতিক হারে বিদ্যুৎ মাশুল হ্রাস করা ইত্যাদি দাবিতে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য শাখা ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যে প্রতিবাদ সপ্তাহ পালনের আহ্বান জানিয়েছে এর প্রতি সংহতি প্রকাশ করে শনিবার ধোয়ারবন্দ বাজারে সংগঠনের আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিকেল চারটায় ধোয়ারবন্দ বাজারের শহিদ বেদির পাদদেশে বিদ্যুৎ গ্রাহকরা উল্লেখিত দাবিতে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকে। আঞ্চলিক কমিটির সভাপতি মোহন লাল মালা, সম্পাদক রামকুমার বাগতি, পরিতোষ ভট্টাচার্য প্রমুখ সেখানে বক্তব্য রাখেন।

তাঁরা বলেন, দেশের বিভিন্ন রাজ্যে গ্রাহকদের প্রতিবাদকে গুরুত্ব সহকারে নিয়ে প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপন হয় বন্ধ করেছে বা সীমিত করে দিয়েছে কিন্তু আসাম সরকার জনগণের ঘরে ঘরে জোর করে তা প্রতিস্থাপনের জন্য চাপ দিচ্ছে। বিশেষ করে স্মার্ট মিটার প্রতিস্থাপনের বরাতপ্রাপ্ত কোম্পানির লোক গ্রাহকদের মনে ভীতি প্রদর্শন করে তা বসাতে বাধ্য করছে। সংগঠনের পক্ষ থেকে জোর করে গ্রাহকদের প্রিপেইড স্মার্ট মিটার প্রতিস্থাপন না করতে এপিডিসিএল কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়।

সংগঠনের অসম রাজ্যে শাখার অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য বিক্ষোভ প্রদর্শন কালে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার পর এবার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে দেশের কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। ফলে সংসদে বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২৫ উত্থাপন করা হয়েছে। এই বিল আইনে পরিণত হলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পুঁজিপতিদের হাতে সম্পূর্ণভাবে চলে যাবে। এতে বিদ্যুৎ বিভাগের শ্রমিক, কর্মচারীরা একদিকে কর্মচ্যুত হবেন অন্যদিকে, বিদ্যুৎ মাশুল জনগণের নাগালের বাইরে চলে যাবে। সরকারি বিদ্যুৎ বিভাগের অনুপস্থিতিতে বা নাম মাত্র উপস্থিতিতে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়বে।

তিনি এও বলেন, এপিডিসিএল কর্তৃপক্ষ দাবি করছে যে তারা বিগত অর্থ বছরে ৪০০ কোটি টাকা লাভ করেছে। তাই বিদ্যুৎ গ্রাহকদের আনুপাতিক হারে বিদ্যুৎ মাশুল হ্রাস করতে হবে। তিনি এও বলেন যে দিল্লি, তেলেঙ্গানা, বিহার সরকার সাধারণ গ্রাহকদের যেভাবে ১২৫ – ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করছে আসাম সরকারের পক্ষ থেকেও অনুরূপভাবে ন্যূনতম ১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করতে হবে। সংগঠনের পক্ষ থেকে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৬ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে দাবি দিবস পালন করা হবে। এতে সবাইকে সামিল হতে আহ্বান জানানো হয়। বিক্ষোভ প্রদর্শন কালে এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষীচরণ আকুড়া, দিলীপকুমার রী, সুজিত আকুড়া, দিলীপ কালোয়ার, গৌরীশ দে, মাখন কালিন্দী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *