শান্তিপূর্ণভাবেই নির্বাচন শুরু বাংলাদেশে! কড়া নিরাপত্তায় বুথে বুথে ভোটগ্রহণ

১২ ফেব্রুয়ারি : দীর্ঘ প্রতীক্ষা আর রাজনৈতিক টানাপোড়েনের অবসান। আজ, বৃহস্পতিবার বাংলাদেশের ভাগ্যনির্ধারণী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন । স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে জাতীয় নির্বাচনের পাশাপাশি আজ দেশজুড়ে চলছে ‘জুলাই সনদ’ সংক্রান্ত ঐতিহাসিক গণভোটও।  তবে এবারের ভোট কেবল সরকার গঠনের লড়াই নয়, বরং বাংলাদেশের মাটিতে প্রকৃত গণতন্ত্র ফিরবে কি না—গোটা বিশ্বের নজর এখন সেই বড় প্রশ্নের দিকেই।

সকাল থেকেই ঢাকা, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গিয়েছে। বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে। তবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনি বিধিভঙ্গের দায়ে চারজনকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং দায়িত্ব থেকে সরানো হয়েছে একজন প্রিসাইডিং অফিসারকে।

ইতিমধ্যেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা। ঢাকা-১১ আসনের প্রার্থী তথা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকার বেরাইদ এলাকায় ভোট দিয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর প্রয়াণে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই প্রথম সাধারণ নির্বাচন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার থেকে ফের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়া ঘিরে রয়েছে টানটান উত্তেজনা। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটিরও বেশি, যার মধ্যে প্রায় ৫ কোটিই তরুণ ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *