জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা, ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা, ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা ও ১২৬ নম্বর রামকৃষ্ণ নগর (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্রের সদস্য নির্বাচনের জন্য ১৬ মার্চ, সোমবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই চারটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা পৃথকভাবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুসারে সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী অথবা তার প্রস্তাবক সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করতে পারবেন।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভার কেন্দ্রর মনোনয়ন পত্র জেলা আয়ুক্ত কার্যালয়ের নীচ তলায় ২ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার লালরোলু খীনগতের কাছে জমা দিতে হবে। এবং ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জেলা আয়ুক্ত কার্যালয়ের দ্বিতলে ২০১ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার জয়ন্ত বরার কাছে জমা দিতে হবে। পাশাপাশি ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জেলা আয়ুক্ত কার্যালয়ের নীচ তলায় ১৩ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার সপ্ততী এন্দোর কাছে জমা দিতে হবে। এবং ১২৬ নম্বর রামকৃষ্ণ নগর (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জেলা আয়ুক্ত কার্যালয়ের নীচ তলায় ৪ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার নীলোৎপল পাঠকের কাছে জমা দিতে হবে। মনোনয়ন পত্রের ফর্ম ওই একই স্থানে পাওয়া যাবে। এতে জমাকৃত মনোনয়ন পত্রগুলি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কক্ষে ২৪ মার্চ, মঙ্গলবার সকাল ১১টা থেকে পরীক্ষা করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য প্রার্থী বা তার প্রস্তাবক অথবা তার ইলেকশন এজেন্ট আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কক্ষে প্রার্থীত্ব প্রত্যাহারের নোটিশ দাখিল করতে পারবেন। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হলে আগামী ৯ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টার মধ্যে ভোটগ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




