ইস্ট লন্ডনে প্রবাসী মুসলিমদের ঈদ-উল ফিতর উদযাপন, প্রশাসনিক সহযোগিতায় নজির

Spread the news

২০ মার্চ : সুদূর ব্রিটিশ ভূখণ্ডে, বিশেষ করে ইস্ট লন্ডনে প্রবাসী মুসলিমদের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন এবারও হয়ে উঠল এক অনন্য মিলনমেলা। ধর্মীয় সম্প্রীতি, প্রশাসনিক সহযোগিতা এবং বহুসাংস্কৃতিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই আয়োজন।

ইস্ট লন্ডনের Dagenham শহরের ঐতিহ্যবাহী Parsloes Park-এ অনুষ্ঠিত হয় এই বৃহৎ ঈদের জামাত। স্থানীয় মুসলিম সংগঠন Tawhid Academy-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই নামাজে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী মুসল্লিরা অংশগ্রহণ করেন।

প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ—কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গসহ—একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে পার্কের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।

এই আয়োজনের বিশেষ দিক ছিল ব্রিটিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা। সরকারি পার্কে ঈদের জামাতের অনুমতি দেওয়ার পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেন।
উপস্থিত মুসল্লিরা ব্রিটিশ সরকারের এই উদ্যোগকে ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, ভিনদেশে থেকেও নিজের ধর্মীয় আচার নির্বিঘ্নে পালন করতে পারা নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি।

প্রবাসী ভারতীয়দের পক্ষ থেকেও প্রশাসনের এই সহযোগিতাকে কুর্নিশ জানানো হয়। তারা বলেন, এমন পরিবেশ বহুসাংস্কৃতিক সমাজকে আরও সুদৃঢ় করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বৃদ্ধি করে।
উল্লেখ্য, করিমগঞ্জ জেলার নিলামবাজার-বাহাদুরপুরের বাসিন্দা লন্ডন প্রবাসী ছায়াদুর রহমান এক বিবৃতিতে জানান, প্রতি বছরের মতো এবারও অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলাবদ্ধভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তিনি ব্রিটিশ প্রশাসনের সহযোগিতার ভূয়সী প্রশংসা করে বলেন, “বিদেশের মাটিতে এমন সম্মান ও সহযোগিতা আমাদের জন্য গর্বের।” সবুজ ঘাসে ঘেরা পার্সলোস পার্কে সিয়াম সাধনার সমাপ্তিতে আত্মতৃপ্তির এই ঈদ উদযাপন যেন প্রবাসীদের মনে এক টুকরো স্বদেশের অনুভূতি এনে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *