মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত দুল্লভছড়া এইচপি রোড এলাকায় সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুল্লভছড়া হাসপাতাল রোডের বাসিন্দা জয় চৌধুরীর বসতবাড়ি।
জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় জয় চৌধুরী তাঁর মাকে নিয়ে শিলচর ভ্যালি হাসপাতালে ছিলেন। ফলে বাড়িতে কেউ উপস্থিত না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর রামকৃষ্ণনগর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে আগুনে ঘরবাড়ির অধিকাংশই ভস্মীভূত হয়ে যায়। দমকলের দেরিতে পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই দুল্লভছড়ায় একটি অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপনের দাবি জানানো হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। স্থানীয়দের মতে, এলাকায় ফায়ার ব্রিগেড কেন্দ্র থাকলে এত বড় ক্ষয়ক্ষতি এড়ানো যেত। এছাড়াও অনিপুরে সেতু না থাকার কারণে রামকৃষ্ণনগর থেকে বিদ্যানগর হয়ে দমকল বাহিনীকে ঘুরপথে আসতে হয়, যার ফলে ঘটনাস্থলে পৌঁছাতে আরও বিলম্ব হয় বলে অভিযোগ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি অবিলম্বে দুল্লভছড়ায় একটি অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপনের দাবিও জোরদার হয়েছে।



