১৬ মার্চ : সোমবার ভোরের আলো ফোটার আগেই ড্রোন হামলায় কেঁপে উঠল বিশ্বের অন্যতম ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের সামনের একটি জ্বালানির ট্যাঙ্কে ড্রোন আছড়ে পড়ায় মুহূর্তের মধ্যে ভয়াবহ আগুন ধরে যায়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি বিমানবন্দরের সমস্ত উড়ান পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রের খবর, এদিন ভোরে একটি ড্রোন সরাসরি বিমানবন্দরের জ্বালানি মজুত রাখার ট্যাঙ্কে আঘাত হানে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। দুবাইয়ের সিভিল ডিফেন্স বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হামলায় জ্বালানির ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার দায় এখনও কেউ স্বীকার না করলেও আঙুল উঠছে ইরানের দিকে। গত কয়েক দিন ধরে ইরান ও আমেরিকার মধ্যে চলা উত্তেজনার আঁচ এসে পড়েছে সংযুক্ত আরব আমিরশাহিতেও। ইরানের বিদেশমন্ত্রী সম্প্রতি দাবি করেছিলেন, দুবাইয়ের কাছের একটি ঘাঁটি থেকেই আমেরিকার বোমারু বিমান তাদের ‘খার্গ আইল্যান্ডে’ হামলা চালিয়েছে। ফলে পাল্টা বদলা হিসেবে ইরানের ড্রোনগুলি এখন দুবাই-সহ আমিরশাহির বিভিন্ন শহরকে নিশানা করছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আকাশপথে বিশ্বের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ সেতুবন্ধনকারী হিসেবে পরিচিত। আচমকা বিমান ওঠানামা বন্ধ হয়ে যাওয়ায় কয়েক হাজার যাত্রী বিপাকে পড়েছেন। বহু বিমানের সূচি বাতিল বা পরিবর্তিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন: পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।বিকল্প হিসেবে কিছু বিমানকে দুবাইয়ের পরিবর্তে আল-মাকটোউম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।




