বরাক তরঙ্গ, ১২ মার্চ : সোনাইয়ে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান’ প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সোনাই এনজি এইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত বিশাল অনুষ্ঠানে চেক বিতরণের সূচনা করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রাই ও সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া। সোনাই বিধানসভায় ১৩ হাজার ২৯২ জন মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকা করে চেক পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য অসামরিক ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাই জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগ অসমের মহিলাদের উৎসাহিত করার পাশাপাশি তাদের যথেষ্টভাবে উপকৃত করবে এই প্রকল্প। তাই এলাকার উন্নয়নের পাশাপাশি সরকারি সুবিধা উপভোগ করতে আগামীতে নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু) বলেন, সোনাইয়ে উন্নয়নের ধারা ও শান্তির পরিবেশ কায়েমের লক্ষ্যে অগপ-তে যোগ দিয়েছেন। যাতে সমগ্র রাজ্যের সঙ্গে সোনাই অঞ্চলের জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত না হন। বর্তমান সরকার সবার উন্নয়নে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত কাছাড় জেলা পরিষদের সিইইও দরোথি সুচিয়াং সহ বিভিন্ন বিভাগের আধিকারিক, জনপ্রতিনিধি, বিজেপি দলের নেতৃবৃন্দরা।



