নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ ভূপেন, নিজ কেন্দ্রেই উপেক্ষিত

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি ভূপেন বরা। লখিমপুর জেলা কংগ্রেসে কার্যত একঘরে হয়ে পড়েছেন ভূপেন বরা। নিজের গৃহ কেন্দ্রেই উপেক্ষিত প্রাক্তন এপিসিসি সভাপতি। আগামী ২৩ জানুয়ারি বিহপুরিয়ায় কংগ্রেসের দলীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই সভায় আমন্ত্রণ পাননি ভূপেন বরা। এমনকি সভার কর্মসূচিতেও তাঁর নাম উল্লেখ নেই।

এছাড়াও দলীয় সভার আগে বুধবার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানেও আমন্ত্রণ জানানো হয়নি দলটির প্রাক্তন সভাপতিকে। নিজের গৃহ জেলাতেই এভাবে উপেক্ষিত হওয়ায় ভূপেন বরা ক্ষোভ প্রকাশ করে এপিসিসি নেতৃত্বের কাছে অনিমন্ত্রিত থাকার কারণ জানতে চেয়েছেন।

প্রাক্তন এপিসিসি সভাপতি ভূপেন বরাকে নিজের গৃহ জেলাতেই দলীয় নেতৃত্বের একঘরে করে দেওয়ায় লখিমপুরের রাজনীতি কোন দিকে মোড় নেয়, তা এখন লক্ষ্যণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, লখিমপুরের রঙানদী বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভূপেন বরা দীর্ঘদিন ধরেই সেখানে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এরই মধ্যে নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি থাকতে ভূপেন বরার এই ক্ষোভ ও অসন্তোষ কংগ্রেসের অন্দরমহলে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *