মাইজলাটিলায় দারুল কিরাত শাখার সমাপ্তি অনুষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : শরিফনগর মাইজলাটিলা জামে মসজিদের লতিফিয়া দারুল কিরাত শাখার উদ্যোগে মাইজলাটিলা মসজিদ প্রাঙ্গণে দারুল কিরাত প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সমাপনী অনুষ্ঠান ও পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হয় বেলা ২টায়। এতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে হামদ, নাত, শানে ফুলতলী, গজল ও কোরান তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন দারুল কিরাত শাখার কারি আরিফ উদ্দিন সাহিদী, কারি রুহুল হোসেন এবং শাখার সম্পাদক মইন উদ্দিন। এ বছর এই শাখায় প্রায় ৮০ জন ছাত্রছাত্রী কোরান শিক্ষা গ্রহণ করেছে।

এদিন তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে জামাতের সূরা বিভাগে প্রথম স্থান অর্জন করেন জাহির আহমদ, জামাতে আউয়াল বিভাগে প্রথম হন মারজানা বেগম এবং জামাতে ছানি বিভাগে প্রথম হন রুমানা বেগম।শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে দারুল কিরাত কেন্দ্রের পক্ষ থেকে প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে লতিফিয়া শাখা কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের গামছা দিয়ে বরণ করে নেওয়া হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাকির আহমেদ বলেন, প্রত্যেক মুসলিম পরিবারের উচিত ছোটবেলা থেকেই সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও শিক্ষিত করে তোলা।

তিনি আরও বলেন, বিশুদ্ধ কোরান তিলাওয়াত জানা না থাকলে আলিমদের পক্ষেও নামাজে ইমামতি করা যথাযথ নয়। তাই প্রতিটি এলাকায় দারুল কিরাত শিক্ষা কেন্দ্র স্থাপন করা হলে শিশু-কিশোররা ছোটবেলা থেকেই বিশুদ্ধ কোরান শিক্ষা অর্জনের সুযোগ পাবে।অনুষ্ঠানে কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কারি মওলানা লোকমান আহমদ চৌধুরী, কারি আরিফ উদ্দিন, মুফতি সাহিদ আহমেদ এবং শরিফনগর মাইজলাটিলা লতিফিয়া শাখা কেন্দ্রের সম্পাদক মইন উদ্দিন।সবশেষে সভাপতি সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে দোয়ার মাধ্যমে মাইজলাটিলা দারুল কিরাত শাখার সমাপ্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *