মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : সরকারি উদ্যোগে শিক্ষার প্রসার পাথারকান্দিতে বিনামূল্যে সাইকেল পেল ১৭৫ পড়ুয়া
পাথারকান্দিতে শিক্ষার প্রসারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রাজ্য সরকার। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, যাতায়াতের কষ্ট লাঘব এবং উচ্চশিক্ষায় উৎসাহ জোগাতে পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত হলো এক বিশেষ সাইকেল বিতরণ অনুষ্ঠান। রাজ্য সরকারের জনহিতকর বিনামূল্যে সাইকেল বিতরণ প্রকল্পের আওতায় নবম শ্রেণীর ১৭৫ জন ছাত্রছাত্রীর হাতে নতুন সাইকেল তুলে দেওয়া হয় সোমবার পাথারকান্দি মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শিক্ষার্থীদের হাতে নতুন সাইকেল তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আমাদের সরকার ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। এই সাইকেল কেবল যাতায়াতের একটি মাধ্যম নয়, বরং এটি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হওয়ার পথে একটি বড় অনুপ্রেরণা। পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণের দিকেও এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, রাজ্য সরকার আগামী দিনেও শিক্ষাক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করবে, যাতে কোনও শিক্ষার্থী শুধুমাত্র আর্থিক বা যোগাযোগ সমস্যার কারণে পিছিয়ে না পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ পৃথ্বীশ রায়, পাশাপাশি শশীবাবু সিনহা, নবকুমার সিনহা, জ্যোতির্ময় নাথ, বিশ্বজিৎ সিনহা, প্রদীপ আচার্যী, দিলীপ পাল, বিষ্ণু শর্মা, অনিরুদ্ধ মজুমদার সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকরা। সাইকেল পেয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক সমাজ রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে আন্তরিক ধন্যবাদ জানান, এই আশাবাদ ব্যক্ত করে যে—এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও উৎসাহ ও গতি এনে দেবে। সব মিলিয়ে পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের এই সাইকেল বিতরণ অনুষ্ঠান শিক্ষার পথে এক নতুন গতি ও অনুপ্রেরণার বার্তা বহন করল।



