বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : নির্বাচনের উত্তাপের মাঝেই যোরহাটে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। যোরহাটের কোকিলামুখ শান্তি আশ্রমের কাছে এক কংগ্রেস কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় বুধবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
মৃত ব্যক্তি টিয়ক বিধানসভা এলাকার ঢেকেরগড়া ব্লকের কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আমির আলি। কোকিলামুখের মথাউরির পাশে তার দেহ রহস্যজনক অবস্থায় উদ্ধার হয়। দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার দিকে নিজের দোকান থেকে কারও ডাকে বেরিয়ে যান আমির আলি। এরপরই তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, এক মহিলার সঙ্গে প্রেমঘটিত সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ওই মহিলার স্বামী মিন্টু তামুলীকে ইতিমধ্যেই রাতেই আটক করা হয়েছে। পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করেই এই খুন সংঘটিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
বর্তমানে মিন্টু তামুলীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি তার স্ত্রীকেও তদন্তের আওতায় আনা হতে পারে বলে জানা গেছে। এদিকে, মৃত আমির আলির পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত এগোলে আরও তথ্য সামনে আসবে।



