মহিলা প্রতিনিধিত্বের দাবিতে সোনাইর মাঠে কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : অসম বিধানসভায় আজ পর্যন্ত বরাক উপত্যকা থেকে কোনও মুসলিম মহিলা বিধায়ক নির্বাচিত হয়ে সদনে প্রবেশ করেননি। সেই প্রেক্ষাপটে ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন মজুমদার। আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এলাকার অধিকাংশ মহিলার মতামত ও উৎসাহেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। নাজিয়া ইয়াসমিন মজুমদার জানান, সোনাই আসন থেকে কংগ্রেসের ১২ জন টিকিট প্রত্যাশীর মধ্যে একমাত্র তিনিই মহিলা প্রার্থী। মহিলাদের ন্যায্য দাবি-দাওয়া, অধিকার ও সামাজিক উন্নয়নের স্বার্থেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। দীর্ঘদিন ধরে কংগ্রেসের আদর্শে বিশ্বাসী হিসেবে দলীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি ইতিমধ্যেই দলীয় টিকিটের জন্য আবেদন করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের গুরুত্ব বিবেচনা করে দলের হাইকমান্ড তাঁকেই প্রার্থীত্ব দেবে।

উল্লেখ্য, সোনাই আসনে কংগ্রেসের ১২ জন প্রত্যাশীর মধ্যে একমাত্র মহিলা হিসেবে আবেদন করে তিনি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। উচ্চশিক্ষিতা এই নেত্রী বর্তমানে সোনাই জুড়ে নিবিড় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গিয়ে মহিলাদের সঙ্গে বৈঠক করে তাঁদের সমস্যার কথা শুনছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *