মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন বিতর্কের জট অবশেষে কাটল। শ্রীভূমি জেলা প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কৃষ্ণেন্দু পাল একজন বৈধভাবে মনোনীত প্রার্থী এবং তাঁর মনোনয়নপত্র বাতিল হয়নি। পাথারকান্দি কেন্দ্রের কৃষ্ণেন্দু পালের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে এই খবরকে “ভুল এবং বিভ্রান্তিকর” বলে উল্লেখ করে জেলা নির্বাচন আধিকারিক অফিস একটি আনুষ্ঠানিক প্রেস নোট জারি করে। প্রেস নোটে জানানো হয়েছে, পালের জমা দেওয়া মনোনয়নপত্রগুলির মধ্যে অন্তত একটি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাইয়ের পর গৃহীত হয়েছে। ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ বৈধ প্রার্থী। জেলা নির্বাচন আধিকারিক প্রদীপকুমার দ্বিবেদী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সকল সংশ্লিষ্ট ব্যক্তিকে সঠিক তথ্যের উপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। নির্বাচনকে সামনে রেখে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল। প্রশাসনের এই দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটাই স্পষ্ট হয়েছে।



