ভুরবন্ধাই হাইব্রিড ভুট্টা বীজ উৎপাদনের প্রশিক্ষণ সম্পন্ন

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার ভুরবন্ধাই হাইব্রিড ভুট্টা বীজ উৎপাদন সম্পর্কে মঙ্গলবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মরিগাঁও জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় উত্তরাখণ্ডের আলমোড়ার আইসিএআর এবং ভিপিকে এএস-এর আয়োজনে অনুষ্ঠিত হওয়া প্রশিক্ষণে জেলার ৭টি এফপিসি-র কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের আলমোড়ার মুখ্য বিজ্ঞানী ড. রাজেশ কুমার খুলবে এবং এমসি পান্ত উপস্থিত থেকে হাইব্রিড ভুট্টার বীজ কীভাবে উৎপাদন করা যায় এবং এর মাধ্যমে কৃষকরা কীভাবে লাভবান হতে পারে সে সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। এই কর্মশালায় মরিগাঁও জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী রিজুস্মিতা শর্মা ডেকা, সপ্তদীপা ভট্টাচার্য, মরিগাঁও জেলা কৃষি বিভাগের সিনিয়র কৃষি উন্নয়ন আধিকারিক পদুম বরা ভুট্টাচাষের কৃষি পদ্ধতি সম্পর্কে পরামর্শ প্রদান করেন। 

এদিকে, অঞ্চলটির প্রগতিশীল কৃষক ও গোপালক হীরেন শর্মার ক্ষেতের পাশাপাশি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এইবার পরীক্ষামূলকভাবে হাইব্রিড ভুট্টা বীজ উৎপাদনের জন্য ভুট্টাচাষ করেছেন। কৃষক হীরেন শর্মার ক্ষেতে আজ দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের হাইব্রিড ভুট্টা বীজ উৎপাদনের জন্য শর্মার ক্ষেতে করা ভুট্টা চাষের ক্ষেত পরিদর্শন করানো হয়।

উল্লেখ্য, ‘এক জেলা এক ফসল’ হিসেবে মরিগাঁও জেলায় ভুট্টাচাষ কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন আনার লক্ষ্য এবং কৃষকরা যাতে কম মূল্যে বীজ ক্রয় করতে পারেন সেই উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *