বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : সোনাইয়ে জল জীবন মিশন প্রকল্পের ট্যাঙ্কে ডুবে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু ঘটল। বৃহস্পতিবার সকালে সোনাইয়ের সেলুরপার গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের আবহ সৃষ্টি হয়েছে। নিহত শিশুটির নাম ওয়াহিদ আহমেদ বড়ভূইয়া (৪.৫)। সেলুরপার গ্রামের দিনমজুর বাহার উদ্দিন বড়ভূইয়ার পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওয়াহিদ আহমেদ আরেকটি শিশুর সঙ্গে বাড়ির পাশের জল জীবন মিশনের পিএইচই প্রকল্প এলাকায় খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত ওয়াহিদ প্রকল্পের ট্যাঙ্কে পড়ে যায়। সঙ্গে থাকা অপর শিশুটি দৌড়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন অবস্থায় থাকা প্রকল্পটির কাজ সরকারের নির্দেশে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় সেখানে কোনও ধরনের ব্যারিকেড বা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। উপরন্তু সাম্প্রতিক বৃষ্টির জলে ট্যাঙ্কটি পরিপূর্ণ ছিল, যা দুর্ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে। এই ঘটনার পর এলাকাবাসী প্রশাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তারা নিহত শিশুর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।



