১১ এপ্রিল : San Francisco শহরের রাশিয়ান হিল এলাকায় ভোরের নিস্তব্ধতা ভেঙে চাঞ্চল্যকর ঘটনা। কুয়াশাচ্ছন্ন সকালে আচমকাই বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। মুহূর্তের মধ্যেই সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই এআই জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব Sam Altman-এর বাসভবনে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিলিকন ভ্যালিতে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় ভোর প্রায় পৌনে চারটে নাগাদ OpenAI-এর সিইও স্যাম অল্টম্যানের বাড়ির গেট লক্ষ্য করে এক দুষ্কৃতী জ্বলন্ত পেট্রল বোমা (মলোটভ ককটেল) নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে গেটে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল ও পুলিশ।
ঘটনার পরপরই প্রায় ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, হামলার পর ওই যুবক OpenAI-এর সদর দপ্তরের বাইরে গিয়েও ভবনে আগুন লাগানোর হুমকি দেয়। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনার সময় Sam Altman বাড়িতে ছিলেন কি না, তা নিরাপত্তার স্বার্থে জানানো হয়নি। সংস্থার এক মুখপাত্র জানান, স্যাম অল্টম্যান এবং তাঁর সংস্থার কর্মীরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। ধৃত যুবকের হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। এআই প্রযুক্তির কারণে কর্মসংস্থান নিয়ে আশঙ্কা, নাকি ব্যক্তিগত আক্রোশ— তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। বিশ্বজুড়ে এআই নিয়ে চলা বিতর্কের আবহে এই হামলা নতুন করে নিরাপত্তা ও প্রযুক্তির প্রভাব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।



