অবাক কাণ্ড! ভোটের কয়েক ঘণ্টা আগে কংগ্রেস ছাড়লেন প্রার্থী সুরেন দৈমারি

Spread the news

বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : ভোটগ্রহণের আর ১২ ঘণ্টাও বাকি নেই, এমন সময় অসমের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা সামনে এল। ৪৬ নম্বর ওদালগুড়ি (সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুরেন দৈমারি হঠাৎ করেই দল ত্যাগ করেছেন। ভোটের ঠিক আগে তাঁর এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে কংগ্রেস শিবিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপ কংগ্রেসের অভ্যন্তরীণ অস্থিরতারই ইঙ্গিত বহন করছে।

দলত্যাগের কারণ ব্যাখ্যা করে সুরেন দৈমারি সংবাদমাধ্যমকে বলেন, “কংগ্রেস আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। টিকিট দেওয়ার পরও দল কোনও সহযোগিতা করেনি। আমি ফোন করলেও নেতৃত্ব গুরুত্ব দেয়নি। একাই নির্বাচনী প্রচার চালাতে হয়েছে। তাই গুয়াহাটিতে শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। এখন আমি কোনও দলের সঙ্গে যুক্ত নই।”

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “কংগ্রেসে থেকে আমার কোনও লাভ হয়নি। এই দল প্রতারণা করে।” যে সময় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট সরকার গঠনের দাবি করছে, সেই সময়েই দলের প্রার্থীকে যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠে এসেছে। ফলে ভোটের কয়েক ঘণ্টা আগে প্রার্থীর এই পদত্যাগ অসমের রাজনীতিতে বিরল ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, পুরো বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *