জ্বালানি ও ব্যয় কমাতে আমলাদের সিঁড়ি ব্যবহারের নির্দেশ

Spread the news

১১ মার্চ : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন। দেশটিতে জ্বালানি সংকট মোকাবিলার অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের লিফট ব্যবহার কমিয়ে সিঁড়ি ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এই পদক্ষেপের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিত রাখা হয়েছে এবং সরকারি দফতরে কাজের ক্ষেত্রে বাসা থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) নির্দেশ দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আত্তাপোল রের্কপিবুন জানিয়েছেন, দেশটির বর্তমানে প্রায় ৯৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। তবে তা সত্ত্বেও চাহিদা ও ব্যবহার নিয়ন্ত্রণে রাখা প্রধান লক্ষ্য।

এদিকে, দেশটি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহের চেষ্টা করছে। তবে সরকারের ফোকাস মূলত চাহিদা হ্রাসের ওপর।

থাইল্যান্ডের এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্যমতে, দেশের জ্বালানি চাহিদার প্রায় ৬৮ শতাংশই প্রাকৃতিক গ্যাস থেকে পূরণ হয়। এর মধ্যে অর্ধেকের বেশি উৎপাদিত হয় দেশটির নিজস্ব উপসাগরীয় গ্যাস ক্ষেত্র থেকে। বাকি ৩৫ শতাংশ আমদানি করা হয়, যার মধ্যে ১৩ শতাংশ আসে প্রতিবেশী দেশ মায়ান্মার থেকে।

সরকারের এই উদ্যোগ মূলত জ্বালানি সাশ্রয় এবং আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার প্রভাব মোকাবিলায় নেয়া হয়েছে। লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার ও বাসা থেকে কাজের ব্যবস্থা কার্যকর হলে সরকারের জ্বালানি খরচ কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *