জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : শ্রীভূমি জেলা ম্যাজিস্ট্রেট জেলায় বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে সমগ্র জেলায় বেশ কিছু বিধি-নিষেধ জারি করেছেন। এই আদেশ ৭ এপ্রিল বিকাল ৫ টা থেকে কার্যকর হয়ছে। বিধি নিষেধ অনুসারে যেকোনো পোলিং স্টেশনের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বুথ স্থাপন করা যাবে না এবং ২০০ মিটারের মধ্যে বেসরকারি যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকছে। এতে ৫ জন বা তার বেশি মানুষের সমাবেশ, জনসভা, র্যালি বা মিছিল মঙ্গলবার বিকাল ৫ টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণের শেষ সময়ের পূর্ববর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত কোনও ধরনের লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। ডিজিটাল মাধ্যমসহ যেকোনো মাধ্যমে অপিনিয়ন পোল বা এক্সিট পোল প্রকাশ করা নিষিদ্ধ। আদেশ অনুসারে শ্রীভূমি জেলায় চলাচলের সময় কোনও দুই চাকার যানে যেমন স্কুটি, মোটরসাইকেল ইত্যাদিতে চালক ছাড়া দ্বিতীয় কোনও ব্যক্তি বা পিলিয়ন রাইডিং করা যাবে না। তবে এই নিষেধাজ্ঞাগুলি ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের লাইন, নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা, বাজার-ঘাট, খেলার মাঠ, সিনেমা হল, শিক্ষা প্রতিষ্ঠান, বাস স্ট্যান্ড, রেলস্টেশন, বিবাহ অনুষ্ঠান এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এছাড়াও পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা এবং জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এই আদেশের আওতামুক্ত থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রেও এই আদেশ বাধা সৃষ্টি করবে না। এই আদেশ ৭ এপ্রিল বিকাল ৫টা থেকে ১০ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত কার্যকর থাকবে। কোনও ব্যক্তি এই আদেশ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই আদেশে জানানো হয়েছে।।



