অসমের খিলঞ্জিয়া মুসলমানদের বিরোধী নয় বিজেপি : অমিত শাহ

Spread the news

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : বৃহস্পতিবার কলিয়াবরের মিচা হাইস্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত ‘বিজয় সংকল্প সমাবেশ’-এ উপস্থিত থেকে বিজেপি মিত্রজোটের প্রার্থী কেশব মহন্তের সমর্থনে নির্বাচনী প্রচার চালান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের ভাষণে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে তীব্র সমালোচনা করেন। সমবেত জনসাধারণের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘‘বিজেপির কর্মীরা কেশব মহন্তকে জিতিয়ে আনতে সর্বশক্তি নিয়োগ করুন। কলিয়াবরে বিজেপির একমাত্র প্রার্থী কেশব মহন্ত। বিজেপি-অগপ জোট কলিয়াবরের নিকটবর্তী কাজিরাঙাকে দখলমুক্ত করেছে। আমাদের সরকার কাজিরাঙায় গণ্ডার হত্যা বন্ধ করেছে।’’

রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘রাহুলবাবু ১৫ বছর ক্ষমতায় থেকে অসমের জন্য কী করেছেন? কেন্দ্র ও রাজ্যে সরকারে থেকেও কংগ্রেস অসমের জন্য কিছুই করেনি। অসম ইউপিএ সরকারকে প্রধানমন্ত্রী দেওয়ার পরও কংগ্রেস রাজ্যটির জন্য কিছু করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে ব্যাপক উন্নয়ন হয়েছে। কংগ্রেস শুধু অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা বিছিয়েছে।’’

বিজেপি কখনও অসমের খিলঞ্জিয়া মুসলমানদের বিরোধী নয় বলেও উল্লেখ করে শাহ বলেন, ‘‘আমাদের সরকার শহিদদের যথাযথ সম্মান দিয়েছে। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত সর্বত্র বীর লাচিত বরফুকনের বার্তা পৌঁছে দিয়েছে আমাদের সরকার। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈকে যথাযথ সম্মান দিয়েছি আমরা। ভূপেন হাজারিকাকে ভারতরত্ন প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলেই। রাহুল গান্ধী স্বপ্ন দেখা বন্ধ করুন। গত ১০ বছর যেমন ছিল, আগামী ১৫ বছরও অসমে বিজেপি ও অগপ সরকারের শাসন থাকবে। নির্বাচন শেষে বিহু আসছে, আর আমরা সেই বিহু বিজেপি ও অগপের জয়ের মধ্য দিয়ে উদযাপন করব।’’

অন্যদিকে, নিজের ভাষণে নির্দল প্রার্থীদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান প্রার্থী কেশব মহন্ত। তিনি আরও বলেন, কলিয়াবরে অগপ ও বিজেপির মধ্যে শক্তিশালী জোট বিদ্যমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *