ইছাবিল চা বাগানে বিজেপির জোরদার প্রচার, কৃষ্ণেন্দু পালের সমর্থনে শ্রমিকদের বিশাল র‍্যালি

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। আগামী ৯ এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে শাসকদল বিজেপি ও কংগ্রেসের মধ্যে মূল লড়াই ঘিরে রাজনৈতিক আবহ সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল-এর সমর্থনে চা বাগান এলাকাগুলোতে জোরদার প্রচার চালাচ্ছেন দলীয় কর্মী-সমর্থকরা।
শনিবার ইছাবিল জিপি এলাকার ইছাবিল চা-বাগানে বিজেপির উদ্যোগে এক বিশাল র‍্যালির আয়োজন করা হয়। জিপির সভানেত্রী সবিতা কুর্মীর প্রতিনিধি রতন কুর্মীর নেতৃত্বে নাচঘরের সামনে থেকে শুরু হওয়া এই র‍্যালিতে কয়েক শতাধিক চা শ্রমিক, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। হাতে দলীয় পতাকা ও মুখে স্লোগানে মিছিলটি ইছাবিল বাগানের বিভিন্ন লাইনে পরিক্রমা করে, ফলে গোটা এলাকায় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়।

জানা গেছে, কাগজে-কলমে এই কেন্দ্রে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বাস্তবে বিজেপি ও কংগ্রেসের মধ্যেই সরাসরি লড়াই সীমাবদ্ধ হয়ে পড়েছে। কংগ্রেস প্রার্থী কার্তিকসেনা সিনহার সঙ্গে টক্কর দিতে বিজেপি কর্মীরা দিন-রাত এক করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বলে দাবি দলের নেতৃত্বের। র‍্যালির পাশাপাশি ইছাবিল জিপি জুড়ে ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন এলাকায় ঘরোয়া সভা, পথসভা এবং ছোট-বড় মিছিলের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে চা বাগান এলাকার মানুষের বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। উপচে পড়া ভিড় নির্বাচনী উত্তেজনার গভীরতা স্পষ্ট করে তুলছে।

প্রচারপর্বে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন, সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *