বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার নবগঠিত ভুরাগাঁও উন্নয়ন খণ্ড কার্যালয়ে সময়মতো কর্মকর্তারা উপস্থিত না থাকার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি আধিকারিক ও কর্মচারীদের সময়মতো কার্যালয়ে উপস্থিত থাকার কঠোর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রর্দশন করে কার্যালয়ে উপস্থিত না থেকে নিজের খেয়াল খুশিমতো আসা যাওয়া করে ভুরাগাঁও উন্নয়ন খণ্ড কার্যালয়ের কর্মচারীরা। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষকে নানা রকমের প্রতিকূলতা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এক সাংবাদিকের দল উপস্থিত হয় ভুরাগাঁও উন্নয়ন খণ্ডে কার্যালয়ে। সকাল ১১টা বেজে যাওয়ার পরও ভুরাগাঁও উন্নয়ন খণ্ড আধিকারিক মণি দেবী, সহকারী আধিকারিক, কনিষ্ঠ প্রকৌশলীসহ প্রায় সকলেই অনুপস্থিত ছিলেন। কার্যালয়টিতে মোট ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীর পদ রয়েছে, তবে ওই সময়ে উপস্থিত ছিলেন মাত্র চারজন। প্রতিটি কক্ষে খালি চেয়ার ও টেবিল দেখা গেছে। এমন পরিস্থিতিতে কার্যালয়ের নিয়মিত কাজ কর্ম ব্যাহত হচ্ছে বলে ভুক্তভোগী জনতা অভিযোগ করেন। এদিকে, এই ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহলে।



