বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : বিজেপিতে যোগদানের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন সদ্য কংগ্রেসত্যাগী ভুপেন বরা। শুক্রবার সন্ধ্যায় অমিত শাহ কইনাধরায় পৌঁছানোর পর তাঁকে পাঁচ মিনিটও অপেক্ষা করতে হয়নি; কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হতেই সরাসরি সাক্ষাতের সুযোগ পান তিনি।
অমিত শাহের সঙ্গে প্রায় আধা ঘণ্টার বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন ভূপেন কুমার বরা। এ দিন সন্ধ্যায় লখিমপুরের বিধায়ক মানব ডেকা-র সঙ্গে কইনাধরায় উপস্থিত ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগেই অমিত শাহের সঙ্গে তাঁর এই সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছিল।
নির্ধারিত সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হতেই বিস্মিত হয়ে পড়েন ভূপেনকুমার বরা। কারণ, অমিত শাহ তাঁর সামনে বসেই তাঁর জীবনের বিভিন্ন তথ্য ও রাজনৈতিক জীবনের বিবরণ তুলে ধরেন। সাক্ষাতের আগেই একজন শিক্ষকের সন্তানের জীবনের বিস্তারিত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ভূপেন কুমার বরা।
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস-এর শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠানোর পরের দিনই তাঁর বাসভবনে গিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের সঙ্গে ৩২ বছরের সম্পর্ক ছিন্ন করার মাত্র দুদিন পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে সাক্ষাৎ করেন সদ্য কংগ্রেস ত্যাগী এই নেতা। ২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন তিনি।



