বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : ঘোষণা করা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বছর পরীক্ষায় উত্তীর্ণের হার ৬৫.৬২ শতাংশ। অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষার ফলাফল দেখার জন্য ১৬টি ওয়েবসাইট উপলব্ধ করা হয়েছে।
প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৮৫,১৮৯ জন, দ্বিতীয় বিভাগে ১,৫০,১৬৭ জন এবং তৃতীয় বিভাগে ৪৬,৩৪৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার শীর্ষ তিনটি স্থানে চারজন মেধাবী ছাত্র-ছাত্রী উজ্জ্বল হয়ে উঠেছে। প্রথম স্থান অধিকার করেছে বজালীর শংকরদেব শিশু নিকেতনের জ্যোতির্ময় দাস। দ্বিতীয় স্থান পেয়েছে বিশ্বনাথের অম্বিকাগিরি রায় চৌধুরী জাতীয় বিদ্যালয়ের আকাঙ্ক্ষা ভূঞা। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড়ের লিটল ফ্লাওয়ার এইচ এস স্কুলের জিয়া ফারাহ ইসলাম এবং নলবাড়ীর লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্র সুরজিত আখতার।
প্রথম স্থানাধিকারী বজালির পাটাছারকুচির জ্যোতির্ময় দাস ৫৯১ নম্বর অর্জন করেছে। অসমিয়ায় ১০০, ইংরেজিতে ৯৬, সাধারণ গণিতে ১০০, সাধারণ বিজ্ঞানে ৯৭, সমাজ বিজ্ঞানে ৯৮ এবং ঐচ্ছিক গণিতে ১০০ নম্বর পেয়েছে।
দ্বিতীয় স্থানাধিকারী আকাঙ্ক্ষা ভূঞা মোট ৫৮৯ নম্বর পেয়েছে। অসমিয়ায় ১০০, ইংরেজিতে ৯৪, সাধারণ গণিতে ১০০, সাধারণ বিজ্ঞানে ৯৬, সমাজ বিজ্ঞানে ৯৯ এবং ঐচ্ছিক গণিতে ১০০ নম্বর পেয়েছে।
যৌথভাবে তৃতীয় স্থানাধিকারী জিয়া ফারাহ ইসলাম মোট ৫৮৮ নম্বর পেয়েছে। অসমিয়ায় ৯৬, ইংরেজিতে ৯৮, সাধারণ গণিতে ১০০, সাধারণ বিজ্ঞানে ৯৯, সমাজ বিজ্ঞানে ৯৫ এবং ঐচ্ছিক গণিতে ১০০ নম্বর পেয়েছে।
অন্যদিকে, যৌথভাবে তৃতীয় স্থানাধিকারী সুরজিত আখতারও ৫৮৮ নম্বর অর্জন করেছে। অসমিয়ায় ১০০, ইংরেজিতে ৯৫, সাধারণ গণিতে ৯৭, সাধারণ বিজ্ঞানে ৯৯, সমাজ বিজ্ঞানে ৯৭ এবং ঐচ্ছিক গণিতে ১০০ নম্বর পেয়েছে।



