বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৩১তম দ্বিবার্ষিক অধিবেশনের প্রতিনিধি সভায় গঠিত হল সংগঠনের নয়া কেন্দ্রীয় সমিতি। শনিবার হাইলাকান্দির রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি নির্বাচন করা হয়। অধিবেশনের প্রথম দিনের দ্বিতীয় পর্বে আয়োজিত প্রতিনিধি সভায় উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতেই সম্মেলনের সাংগঠনিক দায়িত্ব নতুন নেতৃত্বের হাতে ন্যস্ত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন সতু রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. পরিতোষচন্দ্র দত্ত।
নতুন কমিটিতে তিনজন উপ-সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীভূমি জেলা থেকে সুবির রায় চৌধুরী, হাইলাকান্দি জেলা থেকে মানিক চক্রবর্তী এবং কাছাড় জেলা থেকে আশিস চৌধুরী। একইভাবে তিনজন সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন শ্রীভূমি জেলা থেকে বজলুর রহমান খান, হাইলাকান্দি জেলা থেকে নিজাম উদ্দিন লস্কর এবং কাছাড় জেলা থেকে মিলন উদ্দিন লস্কর।
কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। কার্যালয় সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পরিতোষ দে-কে। সাহিত্য সম্পাদক পদে জিতেন্দ্র নাথ, সংস্কৃতি সম্পাদক পদে সব্যসাচী রুদ্র গুপ্ত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিল পাল নির্বাচিত হয়েছেন।



