মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : অবৈধ গরু পাচারের বিরুদ্ধে আবারও সরব হলো বজরং দল। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে এক নাটকীয় অভিযানে ম্যাজিক ট্রাকসহ দুই যুবককে আটক করে সংগঠনের কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে লোয়াইরপোয়া ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবার গভীর রাতে একটি ম্যাজিক ট্রাকে করে গোপনে দু’টি গরু পাচারের চেষ্টা করা হচ্ছিল। খবরটি পেয়েই বজরং দলের কর্মীরা তৎপর হয়ে ওঠেন এবং দ্রুত পরিকল্পনা করে অভিযান শুরু করেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক উত্তেজনাপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে অবশেষে রাধাপুরী বাজার এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে ঘিরে ফেলা হয়। সেখান থেকেই ম্যাজিক ট্রাকসহ দুই যুবককে আটক করা হয় এবং উদ্ধার করা হয় দু’টি গরু। ধৃতদের পরিচয় অনুযায়ী, একজন হলেন আজমত আলি (৩৪), বাড়ি পাথারকান্দি থানার দক্ষিণ হাতুবলা গ্রামে। অপরজন আব্দুস সহিদ (৩৫), বাড়ি কানাইবাজার বাজারঘাট এলাকায়। পরবর্তীতে বজরং দলের কর্মীরা আটক দুই যুবক ও উদ্ধারকৃত গরুসমেত গাড়িটি পুলিশের হাতে তুলে দেন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গরু পরিবহনের কোনও বৈধ নথিপত্র তাদের কাছে ছিল না। দায়িত্বপ্রাপ্ত পুলিশের কর্মকর্তা জানান, গরুগুলোর কোনও বৈধ কাগজপত্র না থাকায় এটি যে পাচারের ঘটনা তা স্পষ্ট। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য চক্রের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।




