বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার শিশুদের সুরক্ষায় ও তাদের সব ধরণের অধিকার প্রদান করতে সমগ্র রাজ্যের সাথে শ্রীভূমি জেলায়ও চলতে থাকা ৯০ দিবসীয় অভিযান “সুরক্ষিত শৈশব সোনালি অসম” কার্যসূচির অধীনে সোমবার জেলার সব গ্রাম পঞ্চায়েত সচিব ও ছাত্র ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে পৃথক দুটি সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সহকারী আয়ুক্ত ও ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক অন্বেষা খেরসার সভাপতিত্বে এই সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার দুইজন রিসোর্স পার্সন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান বিশ্ব বরণ বরুয়া ও শিশু সুরক্ষা বিষয়ে অভিজ্ঞ রিসোর্স পার্সন সত্যজিৎ দাস শিশু সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে উপস্থিত সবাইকে সচেতন করেন। শ্রীভূমির জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই সচেতনতা কর্মসূচিতে গ্রাম পঞ্চায়েত সচিব তথা সিএমপিও বা চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার ও ছাত্র ইউনিয়নের সদস্যদের শিশু শ্রম, বাল্যবিবাহ, শিশু পাচার, বেআইনি শিশু দত্তকের মত ঘৃণ্য অপরাধগুলি নিরসনে করণীয় ব্যবস্থা ও পকসো আইন নিয়ে সচেতন করা হয়। এতে জানানো হয় শিশুকে শ্রমিক হিসেবে নিয়োগ করা আইনত দন্ডনীয় অপরাধ। এর শাস্তি হিসেবে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত কারাবাস বা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা দুটোই হতে পারে। ১৪ বছর থেকে নিচের কোন শিশুকে কাজে নিয়োগ করা যাবে না। ১৪ থেকে ১৮ বছরের নিচে কোন ছেলেমেয়েকে ঝুকিপূর্ণ কাজ করানো যাবে না বলে জানানো হয়। পাশাপাশি, জানানো হয় বাল্যবিবাহ আইনত দন্ডনীয় অপরাধ এর শাস্তিস্বরূপ দুই বছরের কারাবাস অথবা এক লক্ষ টাকা জরিমানা বা দুটোই হতে পারে। বিবাহের বয়স মেয়েদের ১৮ বছরের বেশি ও ছেলেদের ২১ বছরের উর্দ্ধে হতে হবে। এতে আরও জানানো হয় শিশু পাচারের মত ঘৃণ্যতম অপরাধের শাস্তি হিসেবে ১০ বছর থেকে সারাজীবনের জন্য জেল ও সাথে নূন্যতম এক লক্ষ টাকা জরিমানা হতে পারে। এতে শিশু দত্তক নেওয়ার জন্য সেন্ট্রাল চাইল্ড অ্যাডপশন রিসোর্স অথরিটি বা কারা-র ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক বলে জানানো হয়। যে কোন অনাথ, পরিত্যক্ত, সমর্পিত শিশুকে সরকারি বিধিনিয়ম মেনে দত্তক নিতে হবে। বেআইনি দত্তক দন্ডনীয় অপরাধ। এর শাস্তি হিসেবে ৩ বছরের কারাবাস বা এক লক্ষ টাকা জরিমানা অথবা দুটোই হতে পারে।
এছাড়া জানানো হয় ১৮ বছরের নিচের কোন শিশুকে যৌন হেনস্তা, যৌন হয়রানি, পর্নোগ্রাফির উদ্দেশ্যে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে ২০১২ সালের পকসো আইন অনুসারে যৌন অপরাধ সংক্রান্ত অভিযোগ দাখিল করার ক্ষেত্রে শাস্তি হিসেবে প্রকারভেদে ৩ বছরের জেল থেকে শুরু করে মৃত্যু দন্ড ও জরিমানাও হতে পারে। এদিনের কর্মসূচিতে শিশু শ্রম, বাল্যবিবাহ, শিশু পাচার, বেআইনি দত্তক নেওয়ার মত ব্যাপার যদি নজরে আসে তবে তা তৎক্ষণাৎ জেলা শিশু সুরক্ষা আধিকারিক, শিশু কল্যাণ সমিতি বা নিকটবর্তী পুলিশ স্টেশন অথবা চাইল্ড হেল্পলাইন নম্বর ১০৯৮ এ ফোন করে জানাতে পরামর্শ দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মকর্তা দেবযানী দাস ও সহযোগী বিভাগের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।



