বরপেটায় এনডিএর হ্যাটট্রিকের দাবি অতুল বরার

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : অসমে এবার এনডিএ হ্যাটট্রিক করার পাশাপাশি রেকর্ড সংখ্যক আসনে জয়ী হবে বলে শুক্রবার বরপেটায় দাবি করেছেন অসম গণ পরিষদের সভাপতি অতুল বরা। একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, অসম গণ পরিষদও আগের তুলনায় বেশি আসনে জয়লাভ করবে।

বরপেটা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অতুল বরা বলেন, “একটি জাতীয় দলের জন্য এমন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে দল দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, সেই দলের একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া এবং মনোনয়ন দাখিলে ব্যর্থ হওয়া অত্যন্ত লজ্জাজনক।”

অন্যদিকে, কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারবে না বলেও দাবি করেন তিনি। অতুল বরার কথায়, “কংগ্রেসের ক্ষমতা দখল একেবারেই অলীক কল্পনা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে গত পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে, তা কংগ্রেস কল্পনাও করতে পারে না। এবার জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। আমরা বিশ্বাস করি, এনডিএ হ্যাটট্রিক করবে এবং হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই পুনরায় সরকার গঠিত হবে।”

বরপেটা কেন্দ্রে দুইজন নির্দল প্রার্থী থাকলেও এনডিএ প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করেন বরা। কংগ্রেস আত্মসমর্পণ করেছে কি না—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কংগ্রেস সম্পূর্ণ ব্যর্থ এবং অসমে বিরোধী শিবির দুর্বল হয়ে পড়েছে, অন্যদিকে এনডিএ যথেষ্ট উজ্জীবিত।

এদিকে, বরপেটা কেন্দ্রের অগপ প্রার্থী দীপক কুমার দাস বলেন, “মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার অনুপ্রেরণাতেই আমি অগপ-তে যোগ দিয়েছি। প্রায় ৮ মাস আগে থেকেই তিনি আমাকে বরপেটা কেন্দ্রে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। তাঁর উন্নয়নমূলক কাজের অংশীদার হতে চাই বলেই আমি দলে যোগ দিয়েছি। অসম ও দেশের মানুষের জন্য তিনি একজন দূরদর্শী রাজনীতিবিদ। তাঁর প্রতি মানুষের যে সমর্থন, তা দেশের রাজনীতিতে বিরল।”

শুক্রবার অতুল বরা দলীয় কার্যকরী সভাপতি কেশব মহন্ত, সাংসদ ফণীভূষণ চৌধুরী, অগপ প্রার্থী দীপককুমার দাস, প্রাক্তন বিধায়ক গুণীন্দ্র নাথ দাস এবং বরপেটা জেলা বিজেপির সভাপতি মহেন্দ্র দাসসহ অগপ ও বিজেপির কর্মীদের নিয়ে এক যৌথ কর্মিসভায় অংশ নেন। এই সভা থেকে তিনি কর্মীদের এনডিএ এবং অগপ প্রার্থী দীপককুমার দাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *