আইএসআই-যোগে জড়িত চার সন্দেহভাজন গ্রেফতার, বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল এটিএস

Spread the news

৪ এপ্রিল : দিল্লিতে লস্কর জঙ্গি সংগঠনের এক কমান্ডার গ্রেফতারের পর ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। এবার উত্তরপ্রদেশের লখনউ থেকে আইএসআই-এর সঙ্গে যুক্ত চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গেছে, তারা লখনউ রেল স্টেশনের নিকটবর্তী একটি রেল সিগন্যাল বক্স উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। গ্রেফতার হওয়া চারজনের মধ্যে মিরাটের বাসিন্দা সাকিব ওরফে ‘ডেভিল’ পাকিস্তানে থাকা এক আইএসআই হ্যান্ডলারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত। ওই হ্যান্ডলার সাকিবকে নিয়মিত আর্থিক সহায়তা দিত বলে অভিযোগ। শুধু তাই নয়, সাকিব তার প্রভাব খাটিয়ে দলের অন্য সদস্যদেরও অর্থ জোগাত।

তদন্তে আরও উঠে এসেছে, অভিযুক্তরা লখনউ, গাজিয়াবাদ ও মিরাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং গাড়ির শোরুমের ছবি ও ভিডিও পাকিস্তানে পাঠিয়েছিল। তাদের পরিকল্পনার মধ্যে ছিল গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লাগানো এবং একাধিক গাড়ির শোরুমে অগ্নিসংযোগ করা। এটিএস আরও জানিয়েছে, পাকিস্তানে থাকা আইএসআই হ্যান্ডলার গুগল লোকেশন পাঠাত, যার ভিত্তিতে সাকিব নির্দিষ্ট স্থানের ছবি ও ভিডিও তুলে ফের সেই হ্যান্ডলারের কাছে পাঠাত। রেলওয়ে সিগন্যাল বক্সে অগ্নিসংযোগ করে ট্রেন চলাচল ব্যাহত করা এবং বড়সড় দুর্ঘটনা ঘটানো ছিল তাদের মূল উদ্দেশ্য। তদন্তকারীদের দাবি, পাকিস্তান থেকে আইএসআই-এর এক হ্যান্ডলার ওসামা বিন লাদেন, ফরহাতুল্লাহ ঘোরি, কাশ্মীর মুজাহিদিন এবং গাজওয়া-ই-হিন্দের নাম করে সাকিব ও তার সহযোগীদের উসকানি দিচ্ছিল।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় সাকিবের অস্ত্রসহ ভিডিও দেখে লোকেশ ওরফে পাপলা এবং বিকাশ ওরফে রৌনক তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। সাকিব ছাড়াও আরবাব নামের আরেক অভিযুক্তও পাকিস্তানি হ্যান্ডলারের সংস্পর্শে ছিল বলে জানা গেছে। বর্তমানে, আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত চারজনকেই রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে উত্তরপ্রদেশ এটিএস। তদন্ত চলছে এবং আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *