পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস, ২ জনের মরদেহ সহবজীবিত উদ্ধার ১১, বাসে ছিলেন অন্তত ৪৫ যাত্রী

Spread the news

২৫ মার্চ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই তলিয়ে যায়।

জেলার সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ জানিয়েছেন, উদ্ধার হওয়া দুই নারীর মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে এখনও নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে, যাদের অনেকেই নিখোঁজ রয়েছেন।

এদিকে, খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। পাশাপাশি ডুবুরি দলও নিখোঁজ যাত্রীদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। তবে দুর্ঘটনাস্থলে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির অধিকাংশ যাত্রী ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *