মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে____
৪ জানুয়ারি : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে দেশটিতে চালানো মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের।
ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাসদস্য রয়েছে।’
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার মাটিতে নামার আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক আকারে অভিযান চালানো হয়।
আদালত সূত্র জানিয়েছে, মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। তবে তাদের আদালতে তোলার সুনির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, মাদক ও অস্ত্র মামলার বিচারের আগ পর্যন্ত মাদুরোকে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হবে। তবে তার স্ত্রীর অবস্থান এবং তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য এখনো পাওয়া যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদনের অনুযায়ী, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (MDC) নিয়ে যাওয়া হয়েছে। এই কারাগারটি আগে ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং র্যাপার পি ডিডির মতো হাই-প্রোফাইল বন্দিদের রাখার জন্য আলোচনায় এসেছে।
শনিবার স্থানীয় সময় ভোরে মাদুরোকে প্রথমে একটি সামরিক ঘাঁটিতে রাখা হয়। সেখান থেকে তাকে নিউইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যদিও মাদুরো পূর্বেই এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে এসব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত দাবি করেননি।



