বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : স্বাধীনতা সংগ্রামী রানি গাইদিনলিউ-এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করল আসাম রাইফেলস। মঙ্গলবার মণিপুরের লুংখাওয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে আসাম রাইফেলস। অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মূলত তাঁর সাহসী সংগ্রাম ও দেশের স্বাধীনতায় অবদানের প্রতি সম্মান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই স্মরণ অনুষ্ঠানে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, বক্তব্য প্রদান এবং রানি গাইদিনলিউর জীবন ও সংগ্রামকে তুলে ধরতে পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রানি গাইদিনলিউর সংগ্রামী জীবন আজও দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮২ সালে তাঁকে পদ্মভূষণ এবং ১৯৭২ সালে তাম্রপত্র স্বাধীনতা সংগ্রামী সম্মানে ভূষিত করা হয়। তাঁর অবদান আজও দেশজুড়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

উল্লেখ্য, ১৯১৫ সালের ২৬ জানুয়ারি জন্মগ্রহণকারী রানি গাইদিনলিউ ছিলেন একজন বিশিষ্ট আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি হেরাকা আন্দোলনে যোগ দেন, যার লক্ষ্য ছিল মণিপুর অঞ্চল থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো।



