বরাক তরঙ্গ, ২৩ মার্চ : বন্ধন ব্যাঙ্কের কাটলিছড়া ইউনিট ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার ঘটনায় ননী দাস নামে এক ব্যক্তি দোষী সাব্যস্ত করে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে হাইলাকান্দি অতিরিক্ত জেলা ও সেশন বিচারকের আদালত। বিচারক ইপ্সিতা বড়ঠাকুর এই রায় ঘোষণা করেন।
সরকারি আইনজীবী শান্তনু শর্মা জানান, ২০২২ সালের ৯ নভেম্বর রূপাচড়া গ্রামের আনন্দবাজার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। ওইদিন বন্ধন ব্যাঙ্কের ম্যানেজার দেবাশিস অধিকারী তাঁর দুই কর্মী শুভজিৎ ভট্টাচার্য ও অভিজিৎ নাথকে ঋণের কিস্তি আদায়ের জন্য অভিযুক্ত ননী দাসের বাড়িতে পাঠান। পরে ননী দাসের স্ত্রী বিষয়টি তাকে জানালে তিনি ব্যাঙ্ক কর্মীদের আনন্দবাজারে তার সেলুনে এসে টাকা নেওয়ার নির্দেশ দেন।
ব্যাঙ্ক কর্মীরা সেখানে পৌঁছালে ননী দাস তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং ইউনিট ম্যানেজারকে ঘটনাস্থলে ডাকার কথা বলে। খবর পেয়ে ম্যানেজার দেবাশিস অধিকারী সেখানে গেলে ঋণ আদায়কে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, এরই মধ্যে ননী দাস পাশের মাছ বিক্রেতার কাছ থেকে ধারালো দা নিয়ে ম্যানেজারের উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে চিৎকার শুরু হলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরবর্তীতে আহত ম্যানেজার কাটলিছড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে ননী দাসকে গ্রেফতার করে। মামলার বিচারপ্রক্রিয়ায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য, তিনটি নথি এবং ব্যবহৃত দা আদালতে উপস্থাপন করা হয়। শেষে আদালত আইপিসি ধারা ৩৪১/২৯৪/৩২৪/৩০৭ অনুযায়ী ননী দাসকে দোষী সাব্যস্ত করে উল্লিখিত সাজা ঘোষণা করে।




