রাজ্যে মঙ্গলবার থেকে শুরু মাধমিক পরীক্ষা, বসছে ৪,৩৮,৫৬৫ পরীক্ষার্থী

বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : রাজ্যে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক (মেট্রিক) পরীক্ষা। চলতি বছরে মোট ৪,৩৮,৫৬৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। রাজ্যজুড়ে ১,০৪৬টি পরীক্ষাকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবেশপত্র ও প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নকল রোধে এবং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে বেশ কিছু কেন্দ্রে উচ্চ প্রাচীর নির্মাণ বা অস্থায়ী ব্যারিকেডের ব্যবস্থাও করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে ১৬৩ ধারা জারি থাকবে। ফলে ওই নির্দিষ্ট এলাকায় চারজনের বেশি লোক জমায়েত নিষিদ্ধ থাকবে। প্রয়োজনে পুলিশ ও প্রশাসনের টহলদারি বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য রাজ্যজুড়ে ৪৫টি নির্ধারিত কেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *