বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : অসমে তৃতীয়বার ক্ষমতায় ফিরবে এনডিএ আত্মবিশ্বাসের সুরে বললেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। শনিবার নাওবৈচা (এসসি) বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী বসন্ত দাসের সমর্থনে সোনাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, অসমে এনডিএ জোট তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে।
পরে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ খাণ্ডু লেখেন, “আজ সোনাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিপুল জনসমাগম স্পষ্ট বার্তা দিচ্ছে—অসমের মানুষ এনডিএকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে প্রস্তুত।”
অরুণাচল প্রদেশ ও অসমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দুই রাজ্যের মধ্যে গভীর পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে এবং এই সম্পর্ক অত্যন্ত মজবুত।
খাণ্ডু আরও জানান, অরুণাচলের উন্নয়ন অসমের মানুষের অবদানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তাঁদের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়াও নবগঠিত রাঙ্গানদী বিধানসভা কেন্দ্রের যুব নগর এলাকায় আরেকটি সভায় বক্তব্য রাখেন খাণ্ডু। সেখানে তিনি বলেন, মানুষের প্রতিক্রিয়া থেকে জনমতের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলছে।
দুই রাজ্যের দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধানের দিকেও অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ‘ডাবল ইঞ্জিন’ সরকারের প্রসঙ্গে খাণ্ডু বলেন, কেন্দ্রে এবং দুই রাজ্যে বিজেপির সরকার থাকায় পরিকাঠামো, নিরাপত্তা ও উন্নয়নে আরও জোর দেওয়া সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সংক্রান্ত বিরোধমুক্ত পরিবেশ এবং দুই রাজ্যের ধারাবাহিক সহযোগিতা অঞ্চলের স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে।



