বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই ইলিয়াস আলি লস্কর (৫৫)। নৃশংস ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ হাইলাকান্দির জামিরা বাজারে। জানা গেছে, শনিবার সকালে নাগাদ জামিরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দেক আলি মজুমদারের দোকানের বারান্দায় ঘটনাটি ঘটে। অভিযোগ, বড় ভাই ইসলাম উদ্দিন লস্কর (৬০) হঠাৎ করেই ছোট ভাই ইলিয়াস আলি লস্করের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় ইলিয়াস আলি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ইলিয়াস আলিকে দ্রুত উদ্ধার করে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত ইসলাম উদ্দিন লস্কর পালিয়ে না গিয়ে সরাসরি জামিরা পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে জামিরা ও রামনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই গোটা জামিরা এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।



