বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শুক্রবার প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় লোকসেবা কমিশনের সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর ফলাফল। মোট ৯৫৮ জন নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে UPSC। এর মধ্যে অসমের তিন সন্তান স্থান করে নিয়েছেন।
এবারের পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের অনুজ অগ্নিহোত্রী। দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজেশ্বরী শোভে এম। তৃতীয় স্থানে রয়েছেন আকাঙ্ক্ষা ধুল। চতুর্থ স্থান লাভ করেছেন রাঘব ঝুনঝুনওয়ালা এবং পঞ্চম স্থানে রয়েছেন ঈশান ভাটনাগর।
UPSC প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ৯৫৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাধারণ (General) শ্রেণি থেকে ১২৯ জন, EWS শ্রেণি থেকে ২৬ জন, OBC শ্রেণি থেকে ৮৬ জন, SC শ্রেণি থেকে ৮ জন, ST শ্রেণি থেকে ৬ জন, PwBD-1 থেকে ১ জন এবং PwBD-2 থেকে ২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সিভিল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে IAS, IPS সহ বিভিন্ন কেন্দ্রীয় পরিষেবায় মোট ৯৫৮টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় লোকসেবা কমিশন।

ফলাফলে অসমের যোরহাটের অভিজ্ঞান খাউন্ড সারা দেশে ১৮৭তম স্থান অর্জন করেছেন। এছাড়া অসমের অভিজ্ঞানজ্যোতি বরা ৫৭০তম স্থান লাভ করেছেন। পেশায় চিকিৎসক অভিজ্ঞানজ্যোতি বরা ২০২৩ সালে যোরহাট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। অন্যদিকে ভাস্বত শইকিয়া ৭৭৭তম স্থান অর্জন করেছেন। উল্লেখ্য, গত বছর UPSC CSE-তে তিনি ৪৭৪তম স্থান লাভ করেছিলেন।
UPSC-র সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে পরীক্ষার্থীরা সম্পূর্ণ ফলাফল দেখতে পারবেন।



