কালাইনে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর জখম স্কুলছাত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : কাটিগড়ার কালাইন এলাকায় আবারও এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সোমবার সকালে কালাইন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সামনে ৬ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ১০ বছরের স্কুলছাত্রী পায়েল বৈষ্ণব।

জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে দ্রুতগতির একটি স্কুটি হঠাৎ করে তাকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর স্কুটিচালক ঘটনাস্থলেই যানটি ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের তৎপরতায় প্রথমে পায়েলকে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা অত্যন্ত সংকটজনক।

এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কে বেপরোয়া গতিতে যান চলাচল এবং অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে এমন দুর্ঘটনা ক্রমশ বাড়ছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *