ট্রাকের ধাক্কা চার চাকা বাহনে, ঘটনাস্থলেই মৃত্যু ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : ভয়াবহ দুর্ঘটনায় নিমেষে শেষ হয়ে গেল সবকিছু। মঙ্গলবার ধুবড়ি জেলার আগমনি এলাকার হালাকুরায় সংঘটিত হল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৮ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। গুরুতরভাবে আহত হন চালকসহ আরও দু’জন যাত্রী। জানা গেছে,  ধুবড়ি থেকে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে আলিপুরদুয়ার রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। সেই সময় AS-01BD-4131 নম্বরের গাড়িটিকে WB-57D-9983 নম্বরের একটি ট্রাক সজোরে ধাক্কা মারে।

পরিবার সূত্রে জানা যায়, আলিপুরদুয়ার থেকে ট্রেনে করে পাটনা যাওয়ার কথা ছিল তাদের। নিহত মহিলার মামার বাড়ি রয়েছে পাটনায়। নিহত মহিলার নাম লিজা তিয়র বলে জানা গেছে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন শুভজিৎ সাহা, অঞ্জলি মাঝি এবং দিলীপ বিন। আহত তিনজনকে ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারটির বাড়ি ধুবড়ির পালপাড়া এলাকায় বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *