বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের সফরসূচি নিয়ে উত্তর–পূর্বাঞ্চলে পৌঁছেছেন। শুক্রবার তিনি শিলচরে এসে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সফরকালে তিনি ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করবেন এবং বিএসএফ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন।
শিলচরে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম–২ (ভিভিপি–II)-এর উদ্বোধন করেন। এরপর তিনি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হবেন। শিলচরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে তাঁর অসমে পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে সফরসূচি পরিবর্তন করা হয়। শুক্রবার সকালে তিনি শিলচরে পৌঁছান। এদিন কাছাড় জেলার নাথানপুর গ্রামে দ্বিতীয় পর্যায়ের ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম (ভিভিপি–II) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। এই প্রকল্পের আওতায় দেশের ১৫টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলিকে অন্তর্ভুক্ত করা হবে।
আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামগুলির সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ভিভিপি–II একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ৬,৮৩৯ কোটি টাকার ব্যয়ে কেন্দ্রীয় খাতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠান শেষে তিনি গুয়াহাটিতে যাবেন এবং শনিবার সিআরপিএফের আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
সিআরপিএফের মহাপরিচালক জি পি সিং জানান, “এই প্যারেডে সিআরপিএফের মার্চিং কনটিনজেন্টের পাশাপাশি কোবরা কমান্ডো ব্যাটালিয়নের মতো বিশেষ ইউনিটগুলির কার্যক্রম প্রদর্শন করা হবে। এছাড়াও সিআরপিএফের ব্যবহৃত বিশেষ যানবাহন, অস্ত্র ও যোগাযোগ সরঞ্জামের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।



