সংগঠনকে আরও শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান আমিনুলের

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : সোনাইয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন আমিনুল হক লস্কর। রবিবার সোনাই ব্লক কংগ্রেস কমিটি ও মণ্ডল কমিটির নবনিযুক্ত পদাধিকারীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে তিনি দলীয় কর্মীদের নির্বাচনের প্রস্তুতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দেন।
অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা দলীয় টিকিট প্রত্যাশী আমিনুল হক লস্কর বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আর মাত্র দেড় মাসের মতো সময় বাকি রয়েছে। ফলে হাতে সময় খুবই সীমিত। এই পরিস্থিতিতে নতুন পদাধিকারীদের তৃণমূল স্তরে সংগঠনকে আরও মজবুত করে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সোনাই দীর্ঘদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই ঐতিহ্য বজায় রাখতে সকল নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে। আমিনুল হক আশা প্রকাশ করে বলেন, সোনাইয়ে কংগ্রেসের টিকিট যেই পান না কেন, তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। এদিন তিনি বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, গত পাঁচ বছরে উন্নয়নের ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। এখন নির্বাচন ঘনিয়ে আসতেই তিনি রাজনৈতিক সক্রিয়তা বাড়িয়েছেন বলে মন্তব্য করেন আমিনুল হক।

সোনাই ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমেদ লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমিনুল হক লস্করসহ অন্যান্য কংগ্রেস নেতারা নবনিযুক্ত পদাধিকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন এবং সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *