বরাক তরঙ্গ, ৩ মার্চ : সোনাই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই দলীয় ঐক্যের বার্তা দিলেন আমিনুল হক লস্কর। তিনি জানিয়েছেন, যাঁরা এই আসনে টিকিট প্রত্যাশী ছিলেন, তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতা ও সমর্থন চাইবেন। মঙ্গলবার রাতে নিখিল ভারত কংগ্রেস কমিটি ঘোষিত প্রার্থী তালিকায় সোনাই আসনে আমিনুল হক লস্করের নাম প্রকাশিত হয়। এরপর সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দলের সকলের সহযোগিতা ছাড়া বিপুল ভোটে জয়ী হওয়া সম্ভব নয়।”
ঘোষণার পরই তিনি রাতেই দুইজন দলীয় টিকিট প্রত্যাশীর বাড়িতে গিয়ে তাঁদের সহযোগিতা প্রার্থনা করেন। তাঁর মতে, দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনে লড়াই করাই হবে প্রধান লক্ষ্য।
প্রাক্তন বিধায়ক আমিনুল আরও বলেন, এবার তিনি সবার সমর্থন ও সহযোগিতায় সোনাই আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী। পাশাপাশি গৌরব গগৈর হাত শক্ত করতে বরাক উপত্যকা থেকে অধিক সংখ্যক কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শুরুতেই তিনি গৌরব গগৈ সহ নিখিল ভারত কংগ্রেস কমিটি ও অসম প্রদেশ কংগ্রেস কমিটি-র নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




