একাধিক অপ্রীতিকর ঘটনার মাঝেই সম্পন্ন ভোটগ্রহণ, ভোট পড়ল ৮৫.১৩ শতাংশ, সর্বোচ্চ দলগাঁওয়ে

Spread the news

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : রাজ্যে বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়েই শেষ হল ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। বিকেল ৫টা বাজতেই অসমে ভোটগ্রহণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সন্ধ্যা ৫টা পর্যন্ত ৮৪.৪২ শতাংশ ভোটগ্রহণ হলেও, পরবর্তীতে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ভোটদানের হার দাঁড়ায় ৮৫.১৩ শতাংশ।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে শুরু থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ব্যাপক উৎসাহ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে।
তবে দিনের শুরুতেই রাজ্যের বিভিন্ন ভোটকেন্দ্রে ইভিএম বিকলের অভিযোগ ওঠে, যার জেরে কিছু ক্ষেত্রে ভোটগ্রহণে সাময়িক বিলম্ব ঘটে। সকালেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন বিভিন্ন দলের প্রার্থীরাও। নির্ধারিত সময় পর্যন্ত, অর্থাৎ বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া অব্যাহত থাকে।

এদিন খোয়াং, বিলাসীপাড়া, ধিং, তামুলপুর, পাথারকান্দি এবং শ্রীভূমি-সহ একাধিক এলাকায় মারপিট ও ইভিএম ভাঙচুরের মতো ঘটনার খবর সামনে আসে। যদিও দ্রুত হস্তক্ষেপে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে, দলগাঁও কেন্দ্রে সর্বোচ্চ ৯৪.৫৭ শতাংশ ভোটদান রেকর্ড হয়েছে। পাশাপাশি দক্ষিণ সালমারা-মানকাচরেও ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য, যা ৯৪.০৮ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজ্যে মোট ভোটদানের হার ছিল ৮৫.১৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *