বরাক তরঙ্গ, ২২ মার্চ : মনোনয়ন দাখিলের শেষ দিনের আগেই কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ। আগামীকাল বিধানসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন। তার ঠিক আগেই কংগ্রেস তাদের চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবার ৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। ঘোষিত তালিকা অনুযায়ী, গোসাঁইগাঁও আসনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন যোসেফ হাসদা, ডোতমা আসনে বীরখাং বড়োক এবং বিজনী আসনে প্রার্থী হয়েছেন রজতকান্তি সাহা।
ভেরগাঁও আসনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অঞ্চুলা গৌৰা দৈমাৰী। মাজবাট আসনে দলটি প্রার্থী করেছে নারায়ণ অধিকারীকে। হাফলং আসনে কংগ্রেসের প্রার্থী নির্মল লাংথাসা এবং কাটিগড়া আসনে প্রার্থী করা হয়েছে অমরচাঁদ জৈনকে।
এর আগে, নিখিল ভারত কংগ্রেস কমিটি বৃহস্পতিবার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় ২২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রথম দফায় কংগ্রেস ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তবে পরবর্তীতে ওই তালিকায় থাকা প্রতীক বরদলৈ নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। দ্বিতীয় দফায় ২৩টি আসন এবং তৃতীয় দফায় ২২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। চতুর্থ দফার এই ৭ জন প্রার্থীসহ এখন পর্যন্ত মোট ৯৪টি আসনে কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করেছে।



