মরিগাঁওয়ে ৬০৬টি খিলঞ্জিয়া ভূমিহীন পরিবার ও প্রতিষ্ঠানকে ভূমি পাট্টা প্রদান

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : সমগ্র রাজ্যের পাশাপাশি শুক্রবার মরিগাঁও জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের খিলঞ্জিয়া ভূমিহীন পরিবার ও অনুষ্ঠান-প্রতিষ্ঠানগুলির সুরক্ষিত ভূমি অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল পাট্টা বণ্টন করা হয়। মরিগাঁও জেলায় ব্যক্তি এবং অনুষ্ঠান-প্রতিষ্ঠানকে আজ মোট ৬০৬টি বণ্টনপত্র প্রদান করা হয়। এর মধ্যে খাস জমিতে ২৫১টি পরিবার এবং ৩৫৫টি প্রতিষ্ঠানকে পত্র প্রদান করে। মরিগাঁও বিধানসভা কেন্দ্রের জন্য মরিগাঁও শহরের সমন্বিত জনজাতি উন্নয়ন প্রকল্পের সভাকক্ষে অনুষ্ঠিত পাট্টা প্রদান অনুষ্ঠানে জেলা কমিশনার অনামিকা তেওয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে জেলা কমিশনার বলেন, সরকারের এই পদক্ষেপ খিলঞ্জিয়া ভূমিহীন পরিবারগুলির জন্য ভূমির অধিকার সুনিশ্চিত করেছে। আজ পাট্টাপ্রাপ্ত প্রতিটি পরিবারের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। যোগ্য কোনও খিলঞ্জিয়া পরিবার যাতে ভূমির অধিকার থেকে বঞ্চিত না হয়, তা সুনিশ্চিত করার জন্য প্রশাসন দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা কমিশনার অনুসূয়া শর্মা বলেন, বসুন্ধরা ১ এবং বসুন্ধরা ২.০-এর সফল সমাপ্তির পর সরকার ২০২৪ সালের অক্টোবর মাসে বসুন্ধরা ৩.০ শুরু করেছিল। তিনি মরিগাঁও জেলার পাট্টা প্রাপ্ত পরিবার এবং অনুষ্ঠান-প্রতিষ্ঠানগুলিকে নির্ধারিত নিয়মগুলি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, আজ মরিগাঁও কেন্দ্রের ৬৯ জন, জাগীরোড কেন্দ্রের ১৭৮ জন এবং লাহরিঘাট কেন্দ্রের ৪ জন হিতাধিকারী খাস জমির ডিজিটাল পাট্টা পেয়েছেন।

অন্যদিকে, লাহরিঘাট উন্নয়ন খণ্ডের সভাকক্ষে আজ তিনটি সার্কল ক্রমে লাহরিঘাট সার্কল, ভুরাগাঁও সার্কল এবং মিকিরভেটা সার্কলের মোট ৫৮টি ভূমিপাট্টা বিতরণ করেন লাহরিঘাট সমজেলা কমিশনার। মরিগাঁও কেন্দ্রের ১২৬টি, জাগীরোড কেন্দ্রের ১৬৯টি এবং লাহরিঘাট কেন্দ্রের ৬০টি প্রতিষ্ঠানে ডিজিটাল পাট্টা লাভ করে। অনুষ্ঠানের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত ধেমাজি জেলার দেউরি বিলে অনুষ্ঠিত পাট্টা বিতরণের কেন্দ্রীয় কর্মসূচির সরাসরি সম্প্রচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *